রাশিয়ার সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেল মস্কোয় গুলিবিদ্ধ হয়েছেন। একাধিক গুলিতে আহত লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর বিবিসির।
রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানান, মস্কোর উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ভ্লাদিমির আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ (জিআরইউ)-এর প্রধান অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর প্রায় চার বছরে মস্কোয় লক্ষ্যবস্তু হওয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি সর্বশেষ। ২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে স্নায়ু গ্যাস হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগ ওঠার পর আলেক্সেয়েভকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ইউক্রেন যুদ্ধ চলাকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুনে ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের সময় তার সঙ্গে আলোচনার জন্য আলেক্সেয়েভকে পাঠানো হয়েছিল। শুক্রবার সকালে মস্কোর ভলোকোলামস্ক হাইওয়ের একটি আবাসিক ভবনে হামলাটি কারা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। এর আগে ইউক্রেন রাশিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর চালানো কিছু হামলার দায় স্বীকার করেছিল। গত মাসের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে এক রুশ সেনা কর্মকর্তার ওপর হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করে রুশ গোয়েন্দারা। চলতি বছরের জানুয়ারিতে ২০২৪ সালে মস্কোয় একটি আবাসিক ভবনের বাইরে বিস্ফোরণে জেনারেল ইগর কিরিলভ নিহত হওয়ার ঘটনায় একজন উজবেক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়। ওই হামলার দায় ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা স্বীকার করেছিল। কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈব ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে জিআরইউ-এর আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ মস্কোয় একটি গাড়ির নিচে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন।
-বেলাল হোসেন










