শাহরুখ ও ফারাহ খানের ‘ম্যায় হু না ২’ ঘোষণা

শাহরুখ খান এবং ফারাহ খান আবার একসঙ্গে আসছেন—দীর্ঘ ১২ বছর পর! ২০০৪ সালের ব্লকবাস্টার ‘ম্যায় হু না’-র সিক্যুয়েল ঘোষণা করে বলিউডে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ছবিতে শাহরুখকে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে, যেখানে দুটি চরিত্র একই রকম দেখতে হলেও ব্যক্তিত্বে সম্পূর্ণ বিপরীত। ফারাহ খান দীর্ঘদিন চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন এবং শাহরুখের অনুমোদনের পর প্রকল্প নিশ্চিত হয়েছে।

প্রথম কিস্তির মতোই নতুন ছবিতেও থাকবে অ্যাকশন, কমেডি ও ড্রামার সমন্বয়। গল্পে রাম প্রসাদ শর্মার দেশপ্রেমের ধারা বজায় থাকবে, তবে এবার বর্তমান জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটও ফুটিয়ে তোলা হবে। ভক্তদের জন্য সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও ও জায়েদ খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

শাহরুখ বর্তমানে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, যা শেষ হলে তিনি ‘ম্যায় হু না ২’-এর স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নেবেন। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে ‘কিং’ মুক্তির পরই এই মেগা প্রজেক্টের দৃশ্যধারণ শুরু হবে। বিশ্লেষকরা মনে করছেন, এক দশকেরও বেশি সময় পর এই জুটির কামব্যাক বলিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।

-বিথী রানী মণ্ডল