সানি-অক্ষয় তিন দশক পর একসঙ্গে

হিন্দি সিনেমার দুই অভিনেতা সানি দেওল ও অক্ষয় খান্না প্রায় ত্রিশ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন । কোর্টরুম অ্যাকশন ড্রামা ‘ইক্কা’ সিনেমায় দেখা যাবে তাদের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স টিজার প্রকাশ করে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে। ১৯৯৭ সালের ‘বর্ডার’ সিনেমার পর ‘ইক্কা’ দিয়ে আবারও একসঙ্গে হয়েছেন এই দুই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বক্স অফিসে সফলভাবে চলছে সানি দেওলের ‘বর্ডার ২’, অন্যদিকে অক্ষয় খান্নাও সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য উপভোগ করছেন। এর মধ্যেই নেটফ্লিক্স ‘ইক্কা’ সিনেমার টিজার প্রকাশ করেছে। টিজারে সানি দেওলকে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে, যিনি খুনের আসামি অক্ষয় খান্নার পক্ষে লড়াই করতে নেমেছেন। এতে পুলিশ কক্ষে অক্ষয়ের সঙ্গে কথা বলা থেকে শুরু করে আদালত কক্ষে তার সঙ্গে চিৎকার, এমনকি তাকে ঘুষি মারার দৃশ্যও উঠে এসেছে।

ফেসবুকে সিনেমার টিজার প্রকাশ করা ক্যাপশনে নেটফ্লিক্স লিখেছে, আইন না রক্তের সম্পর্ক, এই খেলায় কার হাতে শেষ চাল? দোষী ততক্ষণ পর্যন্ত দোষী, যতক্ষণ না সে নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু আইন কি কোনো ফাঁক খুঁজে পেতে পারে? খ্যাতনামা আইনজীবী সিকান্দার মেহরা নেবেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। শিগগিরই নেটফ্লিক্সে আসছে ‘ইক্কা’।

‘বর্ডার’ সিনেমায় দেশপ্রেমের আবহে দেখা গিয়েছিল এই জুটিকে, এত বছর পর এই জুটিকে অন্য আবহে দেখার অপেক্ষায় দর্শক। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এ সিনেমায় সানি এবং অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম, সানজিদা শেখ, শিশির শর্মা এবং আকাশ রঞ্জন।

মাহমুদ সালেহীন