ভেনেজুয়েলায় এ বছর নির্বাচন সম্ভব: মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি আশা করেন চলতি বছরের শেষের দিকে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মাচাদো বলেন, “আমরা বিশ্বাস করি, হাতে গণনা করা ভোটের মাধ্যমে একটি বাস্তব ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ৯ থেকে ১০ মাসের মধ্যে সম্পন্ন করা যেতে পারে। তবে এটি নির্ভর করে কখন থেকে প্রক্রিয়াটি শুরু হচ্ছে তার ওপর।”

তার দলের দাবি, ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে তারা মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্রের হাতে দেশটির দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শীর্ষ কূটনীতিক ও আইনপ্রণেতাদের সঙ্গেও আলোচনা করেন।

পলিটিকোকে মাচাদো বলেন, “আমাদের বৈধ নেতৃত্ব রয়েছে, যার বিপুল জনসমর্থন রয়েছে, এবং আমাদের সশস্ত্র বাহিনীও গণতন্ত্রে রূপান্তরের পক্ষে রয়েছে।”

জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তিনি মাচাদোকে কোনওভাবে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন, যদিও তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়েছেন। মাচাদো জানিয়েছেন, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এখনও তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেননি।

২৮ জানুয়ারি কংগ্রেসে এক শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানান, ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। ওই দিন মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

রয়টার্স গত মাসে জানায়, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোতে প্রশ্ন তোলা হয়েছে—রদ্রিগেজ তার দেশের জন্য নির্ধারিত কৌশলের সঙ্গে একমত কি না এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করতে চায় কি না।

সূত্র: রয়টার্স

আফরিনা সুলতানা/