জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে – ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে জনগনের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কারো দূর্নীতি মেনে নেয়া হবে না। একজন সাধারণ নাগরিক দূর্নীতি করলে লুটপাট করলে যেমন বিচারের আওতায় আনা হবে তেমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দূর্নীতি করলে, লুটপাট করলে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর আরেক দল রাতারাতি চাঁদাবাজীর সকল দপ্তর নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছে। দেশের মানুষ আর আগের মতো সন্ত্রাস চাঁদাবাজী লুটপাট দেখতে চায় না। দেশের মানুষ সন্ত্রাস চাঁদাবাজী, লুটপাটে জড়িতদের আগামী ১২ তারিখে লালকার্ড দেখাবে। জামায়াত ক্ষমতায় গেলে মদিনার আদলে দেশ গঠন করে জাতিকে উপহার দেয়া হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

জনসভায় ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাত দিন যেকোন সময় কোন নারী পথে বের হলে তাকে অসম্মানিত হতে হবে না। কেউ নারীকে অসম্মান করতে চেস্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে। তিনি বলেন, আমরা বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকারদের সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করতে চাই। যুবকেরা যেন দেশে বিদেশে সব জায়গায় কাজ পায় এমন শিক্ষা দিতে চাই। তারা যেন গর্ব করে বলতে পারে আমিই বাংলাদেশী।

তিনি আরো বলেন, আমাদের যুবকেরা সাহসী উদ্যোমী উদ্যোগী, প্রয়োজন শুধু সুশিক্ষা আমরা সেটাই তাদের দিতে চাই। জামায়াত ক্ষমতায় গেলে ৫বছর পর্যন্ত প্রতিটি শিশুর এবং ৬৫ বছরের উর্দ্ধে সকল মানুষের সুচিকিৎসার দায়িত্ব নিবে সরকার। তিনি বলেন, এসব করতে বেশি টাকা লাগবে না। দেশে দূর্নীতি, ব্যাংক লুট না হলেই সব করা যাবে, টাকার কোন সমস্যা হবে না।

শফিকুর রহমান বলেন, একটি পক্ষ চাকুরীজীবী ও সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়। সবাই আমরা ভাই ভাই, কেউ আমাদের বিরোধী নয়। এখন পে-স্কেলের জন্য আন্দোলন করতে হয়। এটা আর করতে হবে না। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। যার যার উপযুক্ত প্রাপ্য তা সঠিক ভাবে বুঝিয়ে দেয়া হবে। প্রয়োজনীয় অর্থ সম্মান সুযোগ সুবিধা না দিয়ে আবার আগেই দুর্নীতির অভিযোগ করলেও হবে না। চোর চুরি করলে আগে দেখতে হবে তার মৌলিক চাহিদা পুরুনের ব্যবস্থা আছে কি না। আগে সেই ব্যবস্থা করতে হবে। খাবার না দিয়ে চোরের বিচার করতে বসলে হবে না। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের খাবারের ব্যবস্থা করা ।

তিনি বলেন, কিছু হলেই আমরা বিদেশে চাই চিকিৎসা নিতে। এটা যেন করতে না হয় তাই জামায়াত ক্ষমতায় গেলে নাটোরসহ ৬৪ জেলায় একটি করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজন মতো বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে। তিনি বলেন, বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান মুসলিম সবাই একই বাগানের একেক টি ফুল। কাউকে আমরা কোন ভাবে বঞ্চিত করতে চাই না। বঞ্চিত করার সুযোগও কাউকে আর দেয়া হবে না। তিনি বলেন, দেশে দূর্নীতি লুটপাট না থাকলে এই দেশ রকেটের গতিতে এগিয়ে যাবে।

তিনি বলেন, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা আমার দেশের ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে বের করে আনব এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকান্ড চলে যাবে ওই এলাকায়। যার যেটা পাওয়া তাকে সেটা দিতে হবে।

তিনি বলেন, আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে, যে বিচার একেক জনের জন্য একেক রকম হবে না । একজন সাধারণ মানুষ নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায়বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে।

যুবদের দেশ গড়ার সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, আমাদের যুবকরা যেভাবে এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে গড়ে দিতে পারতো, সেই সুযোগ আমরা তাদেরকে দেই নাই। আমরা ওই সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ছাত্ররা কোটার দাবীতে আন্দোলনে নামেছিল। এক দিনে আবু সাঈদসহ ছয়জনকে হত্যা করা হয়। এক পর্যায়ে আন্দোলন সরকারের পতন আন্দোলনে রুপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনে বিরোধীরা ছাত্রীদের নির্যাতন করতেও বাদ দেয়নি। যার ফলে দেশের মানুষ আন্দোলনে অংশ নেয় হাজারো ছাত্র-জনতার লাশ ও রক্ত জাতিকে উপহার দিয়ে ৫আগষ্ট সেই সরকারের পতন হয়।

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে কোন অবহেলা করা হবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, সারা বাংলাদেশে ১১দলীয় জোটের জোয়ার শুরু হয়েছে। সত্যের পথে পুরুষের সাথে নারীরা রাস্তায় নেমে আসছে। প্রতিটি সভা সমাবেশে নারীরাও উপস্থিত হয়ে সেই কথাই জানান দিচ্ছেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচন শেষে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল আস্থার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দেশ প্রেমিক ছাত্রজনতার প্রতি আহবান জানান।

নাটোর জেলা জামায়াতের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেলের ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাগপা সভাপতি রাশেদ প্রধান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, এনসিপির আহবায়ক আব্দুল মান্নাফ. এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান নাটোর-১ আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও নাটোর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে তাদের হাতে দলীয় পত্রিক তুলে দেন। এর আগে তিনি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচনী সমাবেশ হওয়ার কথা থাকলেও রাজশাহী থেকে হেলিকপ্টার যোগে বিকেল ৪টা ৪০ মিনিটে সমাবেশ স্থলে উপস্থিত হন জামায়াত আমী রডাক্তার শফিকুর রহমান।

নাটোর প্রতিনিধি/