ভালো নেতা ও ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, গত ৫৪ বছরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে তাদের নীতি ভালো ছিলো না। যার কারণে এই সুন্দর বাংলাদেশটা, স্বর্ণের দেশটা একবার-দুইবার নয়, পাঁচবার দুর্নীতির দিক থেকে সেরা হয়েছে।
বৃহস্পতিবার বরিশালের গৌরনদী পৌরসভা বালুর মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
১৯৭১ সালে তার দাদা-বাবা হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদের বাড়িতে নিরাপদভাবে আশ্রয় দিয়েছিলেন জানিয়ে চরমোনাই পীর আরো বলেন, আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে হিন্দু ভাইদের উপাসনালয়গুলো পাহারা দিয়েছি, তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা দিয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কা বিজয়ী হলে দেশ নিরাপদ থাকবে। এ দেশের হিন্দুরা নিরাপদ থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার বরিশাল-১ আসনের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নেতা ওবায়দুল হক নবী, আগৈলঝাড়ার হিন্দু নেতা নিপুল রায়সহ দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
-সাইমুন










