জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত গুম–সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির (গুম–সংক্রান্ত তদন্ত কমিশন) প্রধান ছিলেন।
বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কমিশনারদের মধ্যে দুজন সাবেক গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য। তারা হলেন মো. নূর খান ও নাবিলা ইদ্রিস। বাকি দুজন কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এর প্রায় দেড় বছর কমিশন পুনর্গঠন করা হলো।
-সাইমুন










