নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান লুটেরা, ব্যাংক ডাকাত ও শেয়ার মার্কেট লুণ্ঠনকারীদের কঠোর নিন্দা জানিয়ে বলেন, এরা দেশের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, “আল্লাহ যদি আমাদের সাহায্য করেন, সামর্থ্য দেন, তবে তাদের মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে এনে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যে এলাকা বেশি বঞ্চিত, সেখানে আগে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হবে এবং যার যেটা পাওয়ার, তাকে সেটা দেওয়া হবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সমাজে ন্যায়বিচারের পক্ষে। এই বিচার একেকজনের জন্য একেক রকম হবে না। সাধারণ মানুষ কোনো অপরাধ করলে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও যদি একই অপরাধ করে, তাদেরও সমান বিচারে আনা হবে। এটি হবে প্রকৃত ন্যায়বিচার। দেশের মানুষ সেই ন্যায়বিচারের জন্য মুখিয়ে আছে।”
তিনি লুটেরাদের জন্য ভোটাররা তৈরি করা “লাল কার্ড” উল্লেখ করে বলেন, “যারা অতীতে দেশের টাকা চুরি করেছে, তারা এখনো চুরি করছে। দেশের মানুষ ১২ তারিখ নির্বাচনে তাদের জন্য সাড়ে ১২ কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে।”
ডা. শফিকুর রহমান যুব সমাজকে দেশের গঠনমূলক কাজে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “যুবকরা যেভাবে এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে পারতো, সেই সুযোগ এখনও দেওয়া হয়নি। নির্বাচিত হলে আমরা তাদের সেই সুযোগ নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”
শিশু ও বয়স্কদের জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “শিশুরা পাঁচ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে সরকারি চিকিৎসাসেবা পাবেন, আর বয়স্কদের জন্য ৬০-৬৫ বছর বয়সে স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে।”
জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-এমইউএম










