বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ যোদ্ধা নিহত: পাকিস্তান সেনাবাহিনী

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্থির বেলুচিস্তান প্রদেশে সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযান শেষে ২১৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, ২৯ জানুয়ারি শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও কার্যক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সেনাবাহিনী জানায়, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশজুড়ে সমন্বিত হামলা চালানোর পর ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা-১’ শুরু করা হয়। এই অভিযানের লক্ষ্য ছিল পরিকল্পিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী স্লিপার সেল ধ্বংস করা এবং এলাকা পরিশোধন অভিযান পরিচালনা করা। খবর আলজাজিরার।

সামরিক বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে বিপুল পরিমাণ বিদেশি উৎসের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, এসব যোদ্ধা বাইরের দেশ থেকে নিয়মিত সহায়তা ও লজিস্টিক সুবিধা পেয়েছে।

তবে অভিযানে বড় ধরনের প্রাণহানিও ঘটেছে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, অভিযানের সময় ৩৬ জন বেসামরিক মানুষ-যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে-এবং ২২ জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। খনিজসম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। পাকিস্তান সরকার বলছে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিত নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, এমনকি চীনা নাগরিকরাও এসব হামলার শিকার হয়েছে।  বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, গত এক বছরে প্রদেশে ৭০০–এর বেশি যোদ্ধা নিহত হয়েছে এবং সাম্প্রতিক দুই দিনেই প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “এই হামলাগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান দুর্বল করতে পারবে না।”

-বেলাল হোসেন