কিউবায় জ্বালানি সংকট অব্যাহত থাকলে দেশটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে এমন সতর্কতা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কিউবার তেল সরবরাহ বন্ধ থাকলে মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়ে “ধসে পড়তে” পারে। যুক্তরাষ্ট্র কিউবায় সব ধরনের তেল সরবরাহ বন্ধের উদ্যোগ নেওয়া এবং সহায়তাকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই উদ্বেগ প্রকাশ করা হয়। খবর আলজাজিরার।
তীব্র জ্বালানি সংকটের কারণে কিউবায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট চলছে, এমনকি রাজধানী হাভানাতেও। একই সঙ্গে খাদ্য ও পরিবহন ব্যয় দ্রুত বেড়ে গেছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, পরিস্থিতি নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন এবং আন্তর্জাতিক আইন মেনে সংলাপের আহ্বান জানিয়েছেন।
মেক্সিকো বর্তমানে কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী হলেও যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিতে দেশটি সতর্ক অবস্থানে রয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম মানবিক সংকটের আশঙ্কা প্রকাশ করে কিউবায় সহায়তা পাঠানোর কথা বলেছেন, তবে তেল সরবরাহ নিয়ে এখনো ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, বর্তমান চাহিদা অনুযায়ী কিউবার হাতে মাত্র ১৫–২০ দিনের জ্বালানি মজুত রয়েছে।
-বেলাল হোসেন










