লিওনার্দো ঝড়ের তাণ্ডবে পর্তুগাল ও স্পেনে প্রাণহানি

ছবিঃ সংগৃহীত

প্রবল ঝড় লিওনার্দোর আঘাতে পর্তুগালে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং স্পেনে এক কিশোরী নিখোঁজ রয়েছে। টানা ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আইবেরিয়ান উপদ্বীপজুড়ে ভয়াবহ বন্যা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

পর্তুগালের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চল আলেন্তেজো অঞ্চলে বাঁধের কাছে সড়কে চলার সময় বন্যার পানিতে একটি গাড়ি ভেসে গেলে ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অন্যদিকে, স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশে সায়ালঙ্গা এলাকায় তুরভিয়া নদীতে কুকুর বাঁচাতে গিয়ে এক কিশোরী পানিতে ভেসে যায়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে উদ্ধারে আবারও তল্লাশি অভিযান শুরু হয়েছে।খবর আলজাজিরার।

এ বছর পর্তুগাল ও স্পেনে আঘাত হানা অন্তত ছয়টি শক্তিশালী ঝড়ের সর্বশেষটি হলো লিওনার্দো। এসব ঝড়ে এখন পর্যন্ত একাধিক প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং হাজারো ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।   পর্তুগালের দক্ষিণাঞ্চলের আলকাসের দো সাল শহরে সাদো নদীর পানি উপচে পড়ে রাস্তাঘাট ডুবে যায়। অনেক বাসিন্দাকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। দোকান ও বাড়িঘর রক্ষায় বালির বস্তা ব্যবহার করছেন স্থানীয়রা।

স্পেনের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, আগামী সপ্তাহান্তে নতুন ঝড় ‘মার্তা’ আঘাত হানতে পারে। এদিকে আন্দালুসিয়ায় জরুরি সেবাগুলো এক রাতেই লাখের বেশি ঘটনার সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে। পর্তুগালেও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বহু জরুরি ঘটনার তথ্য নিশ্চিত করেছে, যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি করছে।

– বেলাল হোসেন