নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ, তবু ‘দায়িত্বশীল’ আচরণের অঙ্গীকার রাশিয়ার

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হলেও রাশিয়া একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে আচরণ করবে-এমন আশ্বাস দিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর অর্ধশতকের বেশি সময়ের নিয়ন্ত্রণ ব্যবস্থার অবসান ঘটল, যা নতুন বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। খবর আলজাজিরার।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়াকে রাশিয়া নেতিবাচকভাবে দেখছে এবং এ নিয়ে তারা দুঃখ প্রকাশ করছে। তিনি জানান, বিষয়টি নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যেও আলোচনা হয়েছে। পেসকভ বলেন, ভবিষ্যতে কী হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে, তবে কৌশলগত স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই রাশিয়া সিদ্ধান্ত নেবে।

২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পক্ষকে ১ হাজার ৫৫০টি মোতায়েনযোগ্য কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। এই চুক্তি অনুযায়ী একে অপরের পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের সুযোগও ছিল, যদিও কোভিড-১৯ মহামারির সময় এসব পরিদর্শন বন্ধ হয়ে যায়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে নিউ স্টার্ট চুক্তির গুরুত্ব অনেক। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের বক্তব্য, তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম, তাই এই পর্যায়ে তারা এমন আলোচনায় অংশ নেবে না।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের ৮০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চীনের পারমাণবিক অস্ত্র সংখ্যা তুলনামূলক কম হলেও তা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ায় আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক পারমাণবিক শৃঙ্খলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

-বেলাল হোসেন