চোটে ছিটকে গেলেন হামজা চৌধুরী, অনিশ্চিত মার্চের শেষের ম্যাচ

মার্চের শেষদিকে দুটি ম্যাচ সামনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে তার আগেই দুঃসংবাদ চোটের কারণে আপাতত মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই মিডফিল্ডার। গুরুতর চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, দ্রুত সময়ের মধ্যে হামজাকে ফেরত পাওয়া কঠিন। তার হাঁটুতে স্ক্যান করানো হবে বলেও জানান তিনি।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এমসিএল (MCL) চোটে আক্রান্ত হয়েছেন হামজা। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে আশার কথা, অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলেই ধারণা করা হচ্ছে। লেস্টার সিটির চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় তার চোট ব্যবস্থাপনার দায়িত্ব মূলত ক্লাবটিরই, তবে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলে তার উপস্থিতি ম্যাচে বাড়তি গতি ও আত্মবিশ্বাস যোগ করে। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। ফলে ওই ম্যাচগুলোতে হামজাকে পাওয়া যাবে কি না, সেদিকেই তাকিয়ে থাকবে বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইপর্বে তৃতীয় রাউন্ড থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

অন্যদিকে, লেস্টার সিটির অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া ক্লাবটি এখনো ছন্দে ফিরতে পারেনি। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ছয়। এই অবস্থায় হামজার চোট লেস্টারের জন্যও বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

-এমইউএম