চট্টগ্রামে রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৮ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৮ জন অবৈধ রোহিঙ্গা নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্ককে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে ‘বার্মা কলোনি’ নামে পরিচিত রোহিঙ্গা বসতিকে চারদিক থেকে ঘিরে ফেলে যৌথবাহিনী। এরপর প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাটিকে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের শনাক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরও জানান, আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)-এর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

-এমইউএম