কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম-এ আজ (রোববার) অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ। ম্যাচ শুরুর আগে উভয় দলই স্টেডিয়ামে অনুশীলন করেছে। পাকিস্তান স্পিন আক্রমণে শাণ দেখাচ্ছে, আর ভারতও ব্যাটিং প্রস্তুতিতে নতুন কৌশল নিয়ে নজর কেড়েছে।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অনুশীলনে দৌড়ানোর মাঝপথে হঠাৎ থেমে গিয়ে বল ছাড়ছেন। একই কৌশল অনুসরণ করেছেন ওয়াশিংটন সুন্দর। এমন ‘থেমে-থেমে’ বোলিং অ্যাকশন সামলানোর জন্য ভারত আগেই প্রস্তুতি নিয়েছে।
পাকিস্তানের স্পিনার উসমান তারিককে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা ‘ট্রাম্প কার্ড’ বলে উল্লেখ করেছেন। উসমান তারিকের অনন্য রানআপ ও ‘পজ-অ্যান্ড-রিলিজ’ বোলিং স্টাইল সামলানোই ভারতের মূল চ্যালেঞ্জ।
উসমান তারিক প্রসঙ্গে সালমান আগা বলেছেন, “আমাদের জন্য প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। উসমান আমাদের ট্রাম্প কার্ড, তবে তার বোলিং অ্যাকশন নিয়ে যত প্রশ্নই হোক, আমাদের দলকে তা কোনো প্রভাব দেয় না। ইতিমধ্যেই দু’বার তার অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা জানি না মানুষ কেন এ নিয়ে এত প্রশ্ন তোলে।”
ভারতের ব্যাটাররা অনুশীলনে তারিকের অনুকরণে করা থেমে-থেমে ডেলিভারির মুখোমুখি হয়েছেন। সূর্যকুমার যাদব বলেন, “কখনও কখনও পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন আসে। সেটি ফেলে রাখা যায় না। আমাদের নিজস্ব কৌশলে মোকাবিলা করতে হয়। সে যখন বল করে, আলাদা স্টাইল থাকে, কিন্তু আমরা তাকে ভয় দেখাতে পারি না।”
প্রেমাদাসার উইকেট ধীরগতির হওয়ায় স্পিনারদের সুবিধা থাকে। পাকিস্তানের দলে রয়েছে আবরার আহমেদ, সাইম আইয়ুব, শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। একপাশের বাউন্ডারি ৮৪ গজ, অন্য পাশ ৭৪ গজ, আর আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটারদের হোঁচটের কারণে রান তাড়া সহজ হবে না।
ভারতের পেস ও স্পিন বিভাগে যথেষ্ট ভ্যারিয়েশন রয়েছে। অধিনায়ক সূর্যকুমার জানিয়েছেন, “কোন পেসার খেলবে, কতজন পেসার আর কতজন স্পিনার এটা কঠিন সিদ্ধান্ত। তবে উইকেট ভালো হওয়ার কথা।” তার ইঙ্গিত, পরিচিত কৌশলেও সামান্য পরিবর্তন আনা হতে পারে, যাতে পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড’ উসমান তারিককে মোকাবিলা করা যায়।
-এমইউএম










