কারাবাও কাপের ফাইনালে সদ্য দলে যোগ দেওয়া ডিফেন্ডার মার্ক গুহিকে খেলানোর সুযোগ দিতে প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয়ের পর ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জানাতে ক্লাবকে অনুরোধ করেন তিনি।
কারাবাও কাপের সেমিফাইনালে নিউক্যাসলের বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ের পর ক্রিস্টাল প্যালেস থেকে ২৫ বছর বয়সী ইংলিশ সেন্টার-ব্যাক মার্ক গুহিকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। তবে প্রতিযোগিতার বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে এই টুর্নামেন্টে খেলাতে হলে তাকে শীতকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে অথবা সেমিফাইনালের প্রথম লেগের আগেই দলে নিবন্ধিত হতে হয়।
এই নিয়মের কারণে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি গুহি। একই কারণে আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনালের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ নিয়ে হতাশা প্রকাশ করে গার্দিওলা বলেন, “আমি সত্যিই বুঝতে পারছি না, কেন একজন খেলোয়াড় ফাইনাল খেলতে পারবে না। আপনি বড় অঙ্কের অর্থ খরচ করে কাউকে দলে আনছেন, অথচ একটি নিয়মের কারণে সে মাঠে নামতে পারছে না—এটা যুক্তিসংগত নয়। আশা করি কারাবাও কাপ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।”
তিনি আরও বলেন, “আমি ক্লাবকে বলেছি অবশ্যই আবেদন জানাতে হবে। ট্রান্সফার উইন্ডো খোলা থাকলে ফিফা, উয়েফা বা প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী নতুন খেলোয়াড় খেলতে পারে। তাহলে এখানে সমস্যা কোথায়? আমরা চেষ্টা করব তাকে ফাইনালে খেলানোর অনুমতি আদায় করতে।”
ইএফএলের সম্ভাব্য সিদ্ধান্ত প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিটির স্প্যানিশ কোচ বলেন, “আমি জানি না তারা কী জবাব দেবে। তবে আমরা চেষ্টা করব।”
উল্লেখ্য, চলতি মৌসুমেই কারাবাও কাপে একটি নিয়ম পরিবর্তনের সুবিধা পেয়েছে ক্লাবগুলো। আগে যেখানে ‘কাপ-টাইড’ নিয়মের কারণে কোনো খেলোয়াড় একই মৌসুমে দুই দলের হয়ে খেলতে পারত না, সেখানে এখন সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
-এমইউএম










