ইসরায়েলি প্রেসিডেন্টকে হুমকির অভিযোগে অস্ট্রেলিয়ায় কিশোর গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগে এক অস্ট্রেলীয় কিশোরকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। সফরটি ঘিরে ইতোমধ্যে বিক্ষোভ, কথিত যুদ্ধাপরাধের অভিযোগ এবং আমন্ত্রণ বাতিলের দাবিতে তৎপরতা জোরদার হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ১৯ বছর বয়সী ওই তরুণ গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে `একজন বিদেশি রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তির’ বিরুদ্ধে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ বিবৃতিতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর নাম উল্লেখ না করলেও অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, হুমকিগুলো ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে উদ্দেশ করেই দেওয়া হয়েছিল। অভিযুক্ত কিশোরকে পুলিশি জামিন দেওয়া হয়নি। তিনি বৃহস্পতিবার সিডনির একটি আদালতে হাজির হবেন। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আগামী রোববার পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট হার্জগের। গত ডিসেম্বর সিডনির বন্ডাই বিচে একটি ইহুদি উৎসবে অংশগ্রহণকারীদের ওপর বন্দুক হামলায় ১৫ জন আহত হওয়ার ঘটনার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়। হার্জগ সফরকালে ওই হামলায় আহত ব্যক্তিদের এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তবে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরোধিতাকারী এবং ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন এই সফরের তীব্র বিরোধিতা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রায় দুই ডজন শহরে এই সফরের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) গ্রিনস দলের সিনেটর ডেভিড শুব্রিজ বলেন, `অ্যালবানিজ সরকারের এখনই এই আমন্ত্রণ প্রত্যাহার করা উচিত।` বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হার্জগকে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানোই উচিত হয়নি। এখন পুলিশ বলছে, তাঁর সফর ঘিরে ‘গুরুতর শত্রুতা’ সৃষ্টি হতে পারে-এ নিয়ে তারা উদ্বিগ্ন।’ শুব্রিজ এনএসডব্লিউ রাজ্য সিনেটে হার্জগের আমন্ত্রণ বাতিলের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, ‘গাজায় গণহত্যায় ব্যবহৃত বোমায় তিনি নিজেই স্বাক্ষর করেছেন ‘

এদিকে এনএসডব্লিউ পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন মঙ্গলবার ঘোষণা দেন, ইসরায়েলি প্রেসিডেন্টের সফরকে সামনে রেখে বিক্ষোভের ওপর আরোপিত বিধিনিষেধ আরও বাড়ানো হবে। তিনি বলেন, ‘আমি জানি প্রেসিডেন্ট হার্জগের সফর ঘিরে ব্যাপক ক্ষোভ ও বিরোধিতা রয়েছে।’ ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ আগামী সোমবার সিডনিতে একটি সমাবেশের ডাক দিয়েছে। তারা সমর্থকদের নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ ভবনের দিকে পদযাত্রায় অংশ নিতে আহ্বান জানিয়েছে, যাকে তারা ‘ব্যাপক ও শান্তিপূর্ণ সমাবেশ’ হিসেবে বর্ণনা করেছে। গত মাসে এক অস্ট্রেলীয় এবং দুটি ফিলিস্তিনি আইনজীবী সংগঠন আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাছে আবেদন জানায়, যাতে গাজায় কথিত যুদ্ধাপরাধে ভূমিকার অভিযোগে প্রেসিডেন্ট হার্জগের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়।

অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, আল-হক এবং আল-মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস এক যৌথ বিবৃতিতে জানায়, তারা অস্ট্রেলীয় পুলিশকে ‘জরুরি ভিত্তিতে সতর্ক করেছে’—বিশেষ করে ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হার্জগের বিরুদ্ধে ‘গণহত্যায় উসকানি ও গণহত্যার পক্ষে সওয়াল করার গুরুতর ও বিশ্বাসযোগ্য ফৌজদারি অভিযোগ’ থাকার বিষয়টি তুলে ধরে।

-বেলাল হোসেন