বাংলাদেশের প্রতি সংহতি ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বললেন দেশটির প্রধানমন্ত্রী

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। তাই ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না।”

ইএসপিএনক্রিকইনফোকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, “ভেবেচিন্তেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে দাঁড়ানোই সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত।”

এটাই প্রথমবার, যখন পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ্যে ম্যাচ বর্জনের কারণ জানাল। এর আগে পাকিস্তান সরকার জানিয়েছিল, দলটি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে মাঠে নামবে না। তবে তখন সিদ্ধান্তের পেছনের কারণ জানানো হয়নি।

এ বিষয়ে পিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে আইসিসি জানায়, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং সব পক্ষের স্বার্থ রক্ষা করে সমাধানের পথ খোঁজার আহ্বান জানায়।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের এই অবস্থান। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। ওই ভোটে বিপক্ষে অবস্থান নেয় পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিসিবি প্রধান মোহসিন নাকভি এই সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না। বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। তারা বিশ্বকাপে খেলার যোগ্য দল।”

-এমইউএম