শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ফের বাবা-মা হতে যাচ্ছেন। এর আগে তাদের ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। এবার তাদের ঘরে আসছে নতুন অতিথি, বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই তখন বলেছিলেন, শাকিব-বুবলী ফের এক হতে যাচ্ছেন। এরই মধ্যে সম্প্রতি বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। এটা গুঞ্জন হিসেবে চলতে শুরু করার মাঝেই জানা গেল ঘটনার সত্যতা।
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলী। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিংয়ে অংশও নিয়েছিলেন।দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না। খোঁজ নিয়ে জানা গেছে, এখন বুবলী শুটিং করছেন না ঝুঁকির কারণে। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেট-এর ওপেনিং হবে বুবলীর হাত ধরে।
এদিকে আরেকটি সূত্র বলছে, বুবলী সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। বুবলীর উড়ালের খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে। কারণ, প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।
মাহমুদ সালেহীন খান










