আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে। এখন পর্যন্ত দেশে এসেছে পৌনে চার লাখের কাছাকাছি প্রবাসী ভোট, যা ধাপে ধাপে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে।
ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮টি ব্যালট প্রবাসীরা গ্রহণ করেছেন। গ্রহণকারীদের মধ্য থেকে ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ভোট প্রদান করেছেন। ভোট দেওয়া ব্যালটের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২টি ইতোমধ্যে পোস্ট অফিসে জমা পড়েছে দেশে পাঠানোর জন্য।
এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ৭ হাজার ১৬৮টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা যায়, দেশে ৬ লাখ ৬২ হাজার ৪৪৭টি ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ৬৬৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ২ লাখ ১১ হাজার ১২২ জন এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন। এসবের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন আরও জানায়, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।