আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুর কারণে ভারতের মাটিতে খেলছে না বাংলাদেশ। এই সময়টাকে কাজে লাগাতে দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ৩৯ জন শীর্ষ ক্রিকেটারকে নিয়ে তিনটি দল গঠন করে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ ও আকবর আলির নেতৃত্বাধীন দুরন্ত একাদশ।
ম্যাচের আগের দিন দুই দলই শেষ সময়ের অনুশীলন সেরেছে। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যাশার কথা জানান দুই দলের প্রধান কোচ।
ধূমকেতু একাদশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন,“দিনশেষে মাঠে নামলে সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এখানে দেশের সেরা খেলোয়াড়রা খেলছে—অভিজ্ঞরাও আছে, তরুণরাও আছে। প্রতিদিনই নতুন সুযোগ। সিরিয়াসলি নিলে এটা বড় সুযোগ, আর না নিলে ডাউনফলও হতে পারে। সবাই সেরাটা দেবে বলে আশা করি।”
দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার বলেন,“আমার কাছে এটা খুব ভালো প্রতিযোগিতা মনে হচ্ছে। তিন দলের মধ্যে ধাপে ধাপে দল সাজানো হয়েছে, ফলে চ্যালেঞ্জও ভিন্ন হবে। আমাদের দলে অনেক ক্ষুধার্ত খেলোয়াড় আছে—মানে যারা পারফর্ম করার জন্য মরিয়া। এটা খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্ট—সবার জন্যই ইতিবাচক একটি চ্যালেঞ্জ।”
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাইজমানি ও খেলোয়াড় ফি মিলিয়ে টুর্নামেন্টটির মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া খেলায় নতুন মাত্রা যোগ করতে চালু করা হয়েছে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ নিয়ম।
ধূমকেতু একাদশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।
দুরন্ত একাদশের স্কোয়াড
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
-এমইউএম










