শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার, থাকছে ফ্যামিলি ও হেলথ কার্ড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ইশতেহার প্রকাশ করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

ইশতেহারে যা থাকছে
এর আগে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে জানান, ইশতেহারের কাজ গুছিয়ে আনা হয়েছে। তিনি বলেন, “এবারের ইশতেহারে দলের ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, ইশতেহারে জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবা হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো বিষয়গুলো বিশেষ জায়গা পাচ্ছে।

রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি
মাহদী আমিন জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে ইশতেহারের কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই এই ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।

Asraful