ভারতীয় ম্যালওয়্যারে জামায়াত নেতাদের হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

বঙ্গভবনের অফিশিয়াল ইমেইল ব্যবহার করে ভারতীয় ম্যালওয়্যার পাঠিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ডিভাইস হ্যাক করার গুরুতর অভিযোগ তুলেছে দলটি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এই সাইবার হামলার অভিযোগ করেন।

ভারতীয় ম্যালওয়্যার ও বঙ্গভবনের ইমেইল
সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম ল্যাব রিপোর্টের বরাতে জানান, জামায়াতের আমিরের মেইলে বঙ্গভবনের assistantprogrammer@bangabhaban.gov.bd ঠিকানা থেকে ফিশিং মেইল পাঠানো হয়। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে, মেইলটির অরিজিন bcc.gov.bd সার্ভার।

তিনি বলেন, “হামলায় যে ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে, তা ভারতে তৈরি। এর মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে নারী সম্পর্কে আপত্তিকর পোস্ট করা হয়েছে।”

কর্মকর্তা আটক ও ডিবির বক্তব্য
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, জামায়াতের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মতিঝিলের এজিবি কলোনি থেকে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন নিয়ে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
এদিকে, বুধবার পৃথক এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে।

তিনি ঢাকা-১৭ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, “ব্যাংক কর্মকর্তারা এক প্রার্থীর পক্ষে মিছিল করেছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

Asraful