নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ গুরুতর হলে কমিশন সরাসরি তা আমলে নিয়ে তদন্ত করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অভিযোগ জানানোর প্রক্রিয়া
ইসি মাছউদ জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন। তিনি বলেন, “নির্বাচনী দায়িত্বে কর্মরত কারও মধ্যে পক্ষপাতিত্ব দেখা দিলে বা আইন ভঙ্গ করলে যে কেউ কমিটির কাছে অভিযোগ করতে পারেন।”
ঢাকা-১৭ আসনের ঘটনা ও হুঁশিয়ারি
সম্প্রতি ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের অপেশাদার আচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে কমিশন সন্তুষ্ট এবং পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে।










