ম্যাচজুড়ে উত্তেজনার ঘাটতি থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়তা এনে দেয় অতিরিক্ত সময়ের একটি গোল। কাই হাভার্টজের করা সেই একমাত্র গোলেই চেলসিকে ১–০ ব্যবধানে হারিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল।
মঙ্গলবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণ ও পরিসংখ্যানের দিক থেকে চেলসি এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ৫৫ শতাংশ বল দখল রেখে ১১টি শট নেয় সফরকারীরা, যার দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনাল নেয় ৬টি শট, এর মধ্যে দুটি ছিল অন টার্গেট।
এই জয়ের মাধ্যমে চেলসির বিপক্ষে ঘরের মাঠে টানা অপরাজেয় থাকার রেকর্ড ধরে রাখল গানাররা। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের বিপক্ষে চেলসির টানা ১০ ম্যাচ জয়শূন্য থাকল। অথচ ম্যাচটির আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছিল লিয়াম রোজেনিয়রের দল।
প্রথমার্ধে দু’দলই ম্যাড়ম্যাড়ে লড়াই উপহার দেয়। ১৮ মিনিটে আর্সেনাল ভালো সুযোগ পেলেও চেলসি গোলরক্ষক পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট ঠেকান। বিরতির ঠিক আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়লেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য সমতায় শেষ হয়। যোগ করা ছয় মিনিটের শুরুতেই চেলসি সমর্থকদের হতাশা চরমে পৌঁছায়। ৯৭ মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ।
প্রথম লেগে ৩–২ গোলের জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৪–২ ব্যবধানে জয় পেয়ে লিগ কাপের ফাইনালে ওঠে মিকেল আর্তেতার দল আর্সেনাল।
-এমইউএম










