তথ্য মিলবে ৩৩৩-তে: ভোটারদের জন্য নতুন ডিজিটাল উইন্ডো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের তথ্যসেবা আরও সহজতর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় হেল্পলাইন ‘৩৩৩’ নম্বরে কল করেই নাগরিকরা নির্বাচন সংক্রান্ত যে কোনো সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পারবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই (a2i) এই বিশেষ সেবাটি চালু করেছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ৩৩৩ নম্বরে কল করে ‘৯’ প্রেস করলেই নির্বাচন সংক্রান্ত বিশেষ মেন্যু চালু হবে। এটি সম্পূর্ণ টোল-ফ্রি সেবা, অর্থাৎ কল করার জন্য গ্রাহকের কোনো টাকা কাটবে না।
এই হেল্পলাইনের মাধ্যমে নাগরিকরা নিচের বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন: ভোট দেওয়ার সঠিক নিয়ম ও পদ্ধতি, নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত জরুরি তথ্য, নির্বাচনী আচরণবিধি ও অভিযোগ করার পদ্ধতি, প্রবাসী, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, জরুরি যোগাযোগ নম্বর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা, এছাড়াও ‘Smart Election Management BD’ ও ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহারের নির্দেশিকাও পাওয়া যাবে এখানে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩৩৩-এর এই ৯ নম্বর মেন্যুটি কেবল তথ্য প্রদানই নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষায় একটি ‘সহায়ক মাধ্যম’ হিসেবেও কাজ করবে। নির্বাচনী এলাকায় কোনো সম্ভাব্য অস্থিরতা বা অপ্রীতিকর ঘটনার আগাম তথ্য নাগরিকরা এখানে জানাতে পারবেন। সিস্টেমটি একটি ‘Information Intake & Forwarding System’ হিসেবে কাজ করবে, যা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ৯৯৯ বা পুলিশ কন্ট্রোল রুমে তথ্য পৌঁছে দেবে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবার মাধ্যমে এ পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন নাগরিক প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেছেন।
লামিয়া আক্তার