তারেক রহমানকে নিয়ে অপপ্রচার: প্রতিপক্ষের ওপর দায় চাপাল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র মাহদী আমীন জানান, গত এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
মাহদী আমীন বলেন, খুলনা ও যশোরে তারেক রহমানের সাম্প্রতিক সফরে ধানের শীষের পক্ষে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এখন ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্যের কৌশল বেছে নিয়েছে। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান ও স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীকাল বুধবার তারেক রহমান বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি (BNCC) ক্যাডেট মোতায়েনের সরকারি সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মতে, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই ক্যাডেটদের অনেকেই সরাসরি রাজনৈতিক আদর্শের সাথে সম্পৃক্ত, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ক্যাডেট মোতায়েন না করার অনুরোধ জানিয়েছে দলটি।
পাশাপাশি, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, অনুমোদিত ৮১টি স্থানীয় সংস্থার মধ্যে হাতেগোনা কয়েকটি সংস্থার অধীনে বিশাল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। নির্বাচনের দিন অসৎ উদ্দেশ্যে এদের ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
লামিয়া আক্তার