জামায়াত ক্ষমতায় আসলে নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির নারীদের সম্পর্কে যে কুরুচিপূর্ণ ও অবমাননামূলক মন্তব্য করেছেন, তাতে সারাদেশের নারী সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। সেই ক্ষোভ ঢাকতেই তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথা বলছেন। কিন্তু প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করে সত্য আড়াল করা যাবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন  দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন,তারা ক্ষমতায় আসলে নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে।জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশ্যে রিজভী বলেন, পাকিস্তানি বাহিনী যখন আমাদের মা-বোনদের ওপর অত্যাচার চালিয়েছে, তখন সেই অত্যাচারকে আপনারা অত্যাচার বলেননি। সেই নির্যাতনকে আপনারা নির্যাতন হিসেবেও স্বীকার করেননি। বরং তাদেরকে আপনারা সমর্থন করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আজ কোন মুখে, কোন দুরভিসন্ধি নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আজম সাহেবই ছিলেন স্বাধীনতার ঘোষক—এ কথাও আপনারা বলতে পারেন। কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছ পা হন না।

তিনি আরো বলেন, আপনারা (জামায়াত) ১৯৮৬ সালে বলেছিলেন এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না। শেখ হাসিনাও বলেছিলেন, যারা যাবে তারা জাতীয় বেইমান। কিন্তু শেখ হাসিনা ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনে গেছেন, জামায়াতে ইসলামও ২৪ ঘণ্টার মধ্যে গেছে। জনগণের কাছে ওয়াদা করে পরে আপনারা সেই ওয়াদা খেলাফ করেছেন।

‘সে সময় বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি। তিনি নয় বছর সংগ্রাম করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন। তাকে বন্দি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে তারপরও তিনি তার কথার বরখেলাফ করেননি। সত্যের মুখোশ একসময় খুলে পড়ে। আজ নারীদের বিষয়ে দেওয়া বক্তব্যের মধ্য দিয়েই তাদের আসল চরিত্র প্রকাশ পেতে শুরু করেছে,’ বলেন রিজভী।

 
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচনের আগে বক্তব্যের মাধ্যমে তাদের আসল চেহারা বের হতে শুরু করেছে।
 
জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলেও মন্তব্য করেন রিজভী।
-মেহেরীন//