পবিত্র রমজান উপলক্ষে সরকারিভাবে প্রোটিনসমৃদ্ধ খাদ্যের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে
শহীদ স্মৃতি পৌর উদ্যানে সরকারিভাবে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়।
বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এই বিক্রয় কার্যক্রমের আয়োজন করা হয়।
পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।
এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন খাদ্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুসারে উদ্বোধনী দিনে নিম্ন আয়ের মানুষের কাছে গরুর মাংস ২০০কেজি, মুরগির মাংস ১০০পিস, ডিম ২০০০ পিস, দুধ ২০০ লিটার প্যাকেট করে স্বল্পমূল্যে বিক্রয় করা হয়।
আগ্রহ নিয়ে নিম্ন আয়ের মানুষ দীর্ঘ লাইন ধরে স্বল্পমূল্যে
প্রোটিনসমৃদ্ধ খাদ্য ক্রয় করতে পেরে আনন্দিত। সরকারের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান ।
মৃণাল কান্তি রায়/মামুন










