উত্তাল সমুদ্রে চার ঘণ্টা সাঁতরে পরিবারকে বাঁচালো কিশোর সুপারহিরো

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে উত্তাল সমুদ্রে ভেসে যাওয়া মা ও দুই ভাইবোনকে বাঁচাতে ১৩ বছরের এক কিশোরের অবিশ্বাস্য বীরত্ব গাঁথা বিশ্ববাসীর নজর কেড়েছে। গত শুক্রবার জিওগ্রাফি বে এলাকায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।

ওইদিন সপরিবারে প্যাডেলবোর্ডিং ও কায়াকিং করতে নেমেছিলেন তারা। কিন্তু তীব্র বাতাসে তাদের ইনফ্ল্যাটেবল কায়াক ও বোর্ডটি উপকূল থেকে গভীরে ভেসে যায়।

পরিবারের বাকিদের বাঁচাতে ওই কিশোর তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং শুরুতে নিজের কায়াকটি নিয়ে রওনা হয়। তবে মাঝপথে সেটিতে পানি ঢুকতে শুরু করলে কোনো উপায় না দেখে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয় কিশোরটি।

প্রথমে লাইফ জ্যাকেট গায়ে জড়িয়ে দুই ঘণ্টা সাঁতার কাটার পর সে বুঝতে পারে জ্যাকেটের কারণে গতি কমে যাচ্ছে। লক্ষ্যে পৌঁছাতে মরিয়া হয়ে সে জ্যাকেটটি খুলে ফেলে এবং টানা আরও দুই ঘণ্টা সাঁতার কেটে শেষ পর্যন্ত চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপকূলে পৌঁছায়। সন্ধ্যা ৬টার দিকে তীরে ফিরে সে জরুরি সেবা সংস্থাকে খবর দিলে শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে উপকূল থেকে ১৪ কিলোমিটার দূরে একটি প্যাডেলবোর্ড ধরে ভেসে থাকা অবস্থায় তার মা এবং ৮ ও ১২ বছর বয়সী দুই ভাইবোনকে উদ্ধার করে হেলিকপ্টারে তীরে আনা হয়।

পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল ওই কিশোরের অদম্য সাহসকে ‘সুপারহিউম্যান’ বা অতিমানবীয় বলে অভিহিত করেছে। তাদের মতে, কিশোরটির এই অসামান্য দৃঢ়তা না থাকলে ভয়াবহ ট্র্যাজেডি ঘটতে পারত। বর্তমানে পুরো পরিবারটি সুস্থ রয়েছে।

-সাইমুন