তিন হোম ম্যাচে বাফুফের আয় ৪ কোটি টাকা, ব্যয়ের তথ্য প্রকাশ হয়নি

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয় করেছে চার কোটি টাকারও বেশি। বুধবার (৩ ডিসেম্বর) ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির পঞ্চম সভায় এসব আয়ের হিসাব তুলে ধরা হয়। তবে সভায় আয় উপস্থাপন করা হলেও ব্যয়ের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, যা নির্বাহী সদস্যদের মধ্যে কৌতূহলের পাশাপাশি প্রশ্নও তৈরি করেছে।

সভায় জানানো হয়, তিনটি হোম ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ভারত ম্যাচ থেকে ১ কোটি ৮৮ লাখ টাকা। সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা এবং হংকং ম্যাচ থেকে এসেছে ১ কোটি ২ লাখ ৭ হাজার টাকা। এসব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে চার কোটিরও বেশি।

২২ এজেন্ডার সভাটি খুব দীর্ঘস্থায়ী হয়নি। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শুরু হয়ে সন্ধ্যার আগেই বৈঠক শেষ হয়। গুলশানের পুলিশ প্লাজার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

নির্বাহী কমিটির বৈঠকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যুতে উন্নীত করার পরিকল্পনা তুলে ধরে কর্মকর্তারা। বাফুফে এখন স্টেডিয়ামটির জন্য ফিফার অনুমোদন পাওয়ার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়।

তবে সভায় আয়ের হিসাব স্পষ্ট হলেও ব্যয়ের খাত কত, কোথায় ব্যয় হয়েছে, কীভাবে ব্যয় হয়েছে এসব বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। ফলে হোম ম্যাচ আয়োজনের প্রকৃত আর্থিক চিত্র এখনো স্পষ্ট নয়। নির্বাহী সদস্যদের অনেকেই ব্যয়ের হিসাব দ্রুত প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে।