বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এ টুর্নামেন্টের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশের সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও ডিটিএইচ অপারেটরকে চিঠির মাধ্যমে অবহিত করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার বিষয়টি সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও ডিটিএইথ অপারেটরকে অবহিত করা হলো।”

এর আগে গত ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএল ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার কোনো যৌক্তিক কারণ জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, বিসিসিআইয়ের এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

-এমইউএম