ভারতের হয়ে একের পর এক রেকর্ড গড়া এই অ্যাথলেট এখন উত্তর আমেরিকার দেশটির হয়ে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। বিশ্ব শুটিং অঙ্গনে অঙ্গদের এই দলবদল ভারতের পদক জয়ের সম্ভাবনায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের ক্রীড়াঙ্গনে বড় এক ধাক্কা হিসেবে এলো তারকা শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়ার নাগরিকত্ব ত্যাগের খবর। এশিয়ান গেমসে পদকজয়ী এবং অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা এই শুটার এখন থেকে কানাডার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গেছে, মূলত পারিবারিক কারণেই কানাডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। গত কয়েক বছর ধরে ভারতের শুটিং দলে তিনি ছিলেন নিয়মিত মুখ। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তিনি ভারতের জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
অঙ্গদ ইতোমধ্যে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি সংগ্রহ করেছেন। এর ফলে চলতি বছরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে কানাডার হয়ে তার অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না।
এনআরএআইর সেক্রেটারি জেনারেল পবন সিংহ এই বিদায়কে বড় ক্ষতি হিসেবে উল্লেখ করে বলেন, “অঙ্গদ আমাদের কাছে এনওসি চেয়ে আবেদন করেছিল। সে কোন দেশের হয়ে খেলবে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। তার মতো প্রতিভার চলে যাওয়া ভারতের জন্য নিশ্চিতভাবে বড় ক্ষতি, কিন্তু তাকে আটকানোর কোনো উপায় আমাদের ছিল না।”
ভারতের শুটিং ইতিহাসে অঙ্গদ বাজওয়া একজন সফল অ্যাথলেট হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো:
এশিয়ান গেমস ২০২৩: ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য।
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ: ব্যক্তিগত ইভেন্টে টানা দু’বার সোনা জয়ের বিরল নজির।
টোকিও অলিম্পিক: ভারতের হয়ে অলিম্পিক মঞ্চে প্রতিনিধিত্ব।
এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপ: দলগত ইভেন্টে ভারতকে সোনা জেতাতে প্রধান ভূমিকা পালন।
ভারতের অন্যতম ধারাবাহিক ও প্রতিভাবান শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের পরিচয় বদলে ফেললেন। ৩০ বছর বয়সী এই অ্যাথলেট ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে এখন থেকে তাকে তেরঙা পতাকার বদলে কানাডার জার্সিতে দেখা যাবে।
-এম. এইচ. মামুন










