জুলাই সনদের লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার, সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা: টিআইবি

রাজনৈতিক দলগুলোর অনীহা এবং আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার রাজধানীতে বর্তমান সরকারের শাসনব্যবস্থার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়, প্রশাসনে একদলীয় প্রভাবের পরিবর্তে বর্তমানে ত্রিমুখী প্রভাব দৃশ্যমান হয়েছে, যা সুশাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে অনেক পদক্ষেপ লোক দেখানো ও কার্যত অকার্যকর ছিল।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, এক দলের প্রভাব সরিয়ে প্রশাসনে অন্য গোষ্ঠীর দখলদারিত্বের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া ন্যায়বিচারের বদলে প্রতিশোধমূলক কি না—সে প্রশ্নও তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গণঅভ্যুত্থানের পর দেশে প্রায় ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৫৮টি হত্যাকাণ্ড। পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করা হয়। আসন্ন নির্বাচনে ‘মব সংস্কৃতি’ আরও প্রকট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি।

এছাড়া গণঅভ্যুত্থানের পর অন্তত ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আগের তুলনায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

টিআইবি মনে করে, এসব সংকট কাটিয়ে উঠতে অবাধ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।

-এমইউএম