কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট চেয়ে নাহিদ ইসলামের

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকা এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে এই রিটটি দায়ের করেন একই আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) রিট আবেদনটি দাখিলের পর নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেন। রিটে অভিযোগ করা হয়েছে, বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম বাংলাদেশের পাশাপাশি অন্য একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্যতা। এছাড়া তিনি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলেও রিটে উল্লেখ করা হয়।
আবেদনে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার পাশাপাশি তার প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন। আদালত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই আসনে দুই প্রার্থীর এই আইনি লড়াই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
লামিয়া আক্তার