ট্রাইব্যুনালে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ জমা

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে প্রসিকিউশন পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই চার্জ দাখিল করা হয়েছে। এই মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। বাকি আসামিদের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম রয়েছে বলে জানা গেছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সংবাদমাধ্যমকে জানান, “মোহাম্মদপুরে সংঘটিত জঘন্যতম অপরাধের দায় আমরা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে জমা দিয়েছি। ২৮ জনের বিরুদ্ধে এই ফরমাল চার্জের বিষয়ে আজই আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, মোহাম্মদপুরে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলার একাধিক ভিডিও ও সাক্ষ্য-প্রমাণ এর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে এসেছে। আজকের শুনানির পর ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র গ্রহণ করবেন কি না, সে বিষয়ে আদেশ দেবেন।
জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় মোহাম্মদপুরের এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এই এলাকায় পুলিশের পাশাপাশি তৎকালীন মন্ত্রী ও মেয়রের প্রত্যক্ষ নির্দেশে সশস্ত্র তাণ্ডব চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
লামিয়া আক্তার