রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আদালত এই আদেশ দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম আদালতে আবেদনটি পেশ করেন। আবেদনে বলা হয়, সামাদ মৃধার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতে দুদকের দুই সদস্যের একটি বিশেষ দল বর্তমানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ইডিসিএল-এর বিভিন্ন কেনাকাটায় এবং কোটি কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন সামাদ মৃধা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক আশঙ্কা করছে যে, তিনি অবৈধভাবে অর্জিত এই অর্থ বিদেশে পাচার করে নিজে সশরীরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত এবং গুরুতরভাবে ব্যাহত হতে পারে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অনুসন্ধানের স্বার্থে আদালত তার বিদেশ গমন রহিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করেন।