ইংলিশ জায়ান্ট লিভারপুল প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লিগ ওয়ানের ক্লাব রেনেসের তরুণ ডিফেন্ডার জেরেমি জ্যাকেটকে দলে নেওয়ার চুক্তিতে পৌঁছেছে। তবে এই ডিফেন্ডার এখনই অ্যানফিল্ডে যোগ দেবেন না; আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তিনি লিভারপুলের সঙ্গে যুক্ত হবেন।
বিশ্বস্ত ফুটবল ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, জ্যাকেট ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মত হয়েছেন। কিন্তু রেনেসের কোচ হাবিব বে এখনো মৌসুমের মাঝপথে তাকে ছাড়তে রাজি নন, যার কারণে লিভারপুলকে গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
২০২৪ সালে রেনেসের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা জ্যাকেটকে ধারে পাঠানো হয়েছিল ক্লারমঁ ফুটে। চলতি মৌসুমে তিনি রেনেসে ফিরে এসে নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। লিগ ওয়ানে রেনেসের বেশিরভাগ ম্যাচে মাঠে নামা জ্যাকেটের রক্ষণভাগের দৃঢ়তা ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ছে।
লিভারপুলের জন্য এই চুক্তিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দলের বর্তমান সেন্টার-ব্যাক ইব্রাহিম কোনাতে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন। এছাড়া অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও জো গোমেজের চুক্তির মেয়াদও শেষের পথে। অন্যদিকে, তরুণ ডিফেন্ডার জিওভানি লিওনি বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।
-এমইউএম










