মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত, আহত ১

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক উল্টে দুই মৌচাষির মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।সোমবার ভোর প্রায় পাঁচটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, জামালপুর থেকে একটি ট্রাকে করে কয়েকজন মৌচাষি মাদারীপুরের কালকিনির দিকে আসছিলেন। পথিমধ্যে পশ্চিম রাজৈর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-হাবিবুর রহমান সুমন,মাদারীপুর