সৌদি আরবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত

সৌদি আরবে পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনায় যুক্ত প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির সঙ্গে করা চুক্তি স্থগিত করেছে দেশটির প্রশাসন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর খালিজ টাইমসের।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান নিয়মিতভাবে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের সময় সেবা ও ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়টি চিহ্নিত হয়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অনুমোদিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সীমাবদ্ধতা সংশোধনের সুযোগ দিতেই এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর চুক্তি পুনরায় কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের ভ্রমণের বুকিং ইতোমধ্যে সম্পন্ন—তাদের ক্ষেত্রে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না। তাদের সেবা কার্যক্রম আগের নিয়মেই অব্যাহত থাকবে।

এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ‘ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষায় মন্ত্রণালয় তদারকি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখবে।’

-আফরিনা সুলতানা