ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন করে নিষেধাজ্ঞা

ছবিঃ সংগৃহীত

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর দমন–পীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।

ইইউ কূটনীতিকদের বরাতে জানা যায়, বৈঠকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)কে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আইআরজিসিকে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো সংগঠনের কাতারে রাখা হবে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পরিবর্তন নির্দেশ করে।

এর আগে ফ্রান্সসহ কয়েকটি ইইউ সদস্যরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনাগ্রহী ছিল। তবে বুধবার ফ্রান্স এই উদ্যোগে সমর্থন জানালে সিদ্ধান্ত গ্রহণের পথ অনেকটাই সুগম হয়। যদিও এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে ইইউর ২৭টি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের শিয়া শাসনব্যবস্থার অন্যতম প্রধান রক্ষাকবচ হিসেবে বিবেচিত। বাহিনীটি দেশটির অর্থনীতির বড় অংশ, সামরিক কাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির ওপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রেখে আসছে।

সূত্র: রয়টার্স

বেলাল হোসেন/