জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি ওপেনে হ্যাঁ এর পক্ষে বললেও গোপনে না এর পক্ষে কাজ করছে। তাদের ওপেন-গোপন খেলা বন্ধ করতে হবে। তাই বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, জনতার কাতারে নেমে এসে গণভোট নিয়ে মুখে যা বলবেন, তা কাজের মাধ্যমে প্রমাণ করে হ্যাঁ ভোটকে জিতিয়ে সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করবো ইনশাআল্লাহ।
রোববার রাতে রংপুরের কাউনিয়ায় রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি তখন, ভারতের শাখা পার্টি জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাই আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে। তারা অলরেডি মৃত। ১২ তারিখ আনুষ্ঠানিক জানাযা হবে।
আখতার হোসেনের পক্ষে ভোট চেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান না, তিনি বাংলাদেশের কৃতি সন্তান, তিনি দেশের যে কোন স্থান থেকে ভোটে জিতে আসার সক্ষমতা ও জনপ্রিয়তা রাখে। তাই কাউনিয়া-পীরগাছাবাসীকেই আখতার হোসেনকে জেতাতে দায়িত্ব নিতে হবে। আমাদের টাকা, নাই, আমরা কোনো চাঁদাবাজি করে টাকা নিয়ে আসি নাই। কিংবা জুলুম করে টাকা নিয়ে আসি নাই। তবে আমাদের ভবিষৎ পরিকল্পনা রয়েছে উন্নয়নের।
কাউনিয়াবাসীকে বলতে চাই, ভোটের আগের দিন শাড়ি, লুঙি, টাকা নিয়ে আসবে, তাদের আগামী ১২ তারিখ প্রত্যাখ্যান করতে হবে। আর যদি অর্থের জন্য অপেক্ষা করেন তাহলে একদিনের সুবিধার জন্য আগামী ৫ বছরের জন্য গোলামি করতে হবে। তাই সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। সেই সুযোগকে কাজে লাগাতে হবে।
এ সময় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আমূল পরিবর্তনের হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান।
কাউনিয়ায় রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ভুইয়া সজিবসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
-সাইমুন










