তেমন কিছুই না, ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছি: তাওহিদ হৃদয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় এই সময়ে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন দেশের ক্রিকেটাররা।

আজ অনুশীলনের সময় ক্রিকেটাররা গা গরম করতে ফুটবল খেলতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ছবি পোস্ট করে তাওহিদ হৃদয় লিখেছেন, “তেমন কিছুই না, ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছি।” মজার সঙ্গে পোস্টের শেষে কয়েকটি হাসির ইমোজি যোগ করা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তার কারণে বাংলাদেশ খেলতে চেয়েছিল দেশের বাইরে। কিন্তু আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে। ফলে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি আয়োজন করেছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটাররা এতে অংশ নেবেন।

টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহণ করবে। ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলি। খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে মোট বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

সব ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিগপর্বের খেলা হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে খেলা।

-এমইউএম