চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এক যুগ আগে একসঙ্গে অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও বড় পর্দায় দুজনকে দেখা যায়নি। এবার ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে আবার দুজন বড় পর্দায় এক হয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে বনলতা এক্সপ্রেস। ইতোমধ্যে অনেকগুলো দৃশ্যের শুটিং শেষ হয়েছে।
মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় কাজের বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা দুজন অনেক নাটক, বড় ধারাবাহিকেও কাজ করেছি। তবে সর্বশেষ অভিনয় করেছিলাম টেলিভিশন সিনেমায়। দীর্ঘদিন আমাদের দুজনকে একত্রে বড় পর্দায় দেখেননি। এবার দেখবেন, বনলতা এক্সপ্রেস সিনেমায়।’
তিনি আরও বলেন, ‘দুর্দান্ত একটি কাজ হচ্ছে। আরও অনেক শিল্পী আছেন। তারাও খুব ভালো করছেন। মজার বিষয় হচ্ছে, দর্শকরা আমাকে ও মোশাররফ করিমকে একত্রে দেখতে পাবেন। শক্তিশালী একটি গল্পে দুজনকে পাবেন।’
মাহমুদ সালেহীন খান










