আপিল খারিজ, বিশ্বকাপে খেলতে আর কোন পথ আছে বিসিবির?

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির ডিসপিউট রেজ্যুলেশন কমিটি (ডিআরসি)-তে করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপিল বাতিল হয়েছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি এখানেই শেষ করছে না বিসিবি। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার কথাও ভাবছে বোর্ড।

পিটিআইকে বিসিবির এক কর্মকর্তা জানান, বিশ্বকাপ খেলার সম্ভাবনা এবং সব আইনি পথ খোলা রাখতেই ডিআরসির দ্বারস্থ হয়েছিল বোর্ড। তিনি বলেন, ডিআরসি থেকেও যদি বিসিবির বিপক্ষে সিদ্ধান্ত আসে, তাহলে একমাত্র বিকল্প হিসেবে সিএএসে যাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য বোর্ডগুলো ডিআরসির কাছে আবেদন করতে পারে। তবে আইসিসি বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি নেওয়ার এখতিয়ার এই কমিটির নেই। ডিআরসির শর্তাবলীর ১.৩ ধারা অনুযায়ী, তারা আইসিসির কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না এবং আইসিসির নিয়ম অনুযায়ী গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কমিটি হিসেবেও ভূমিকা রাখতে পারে না।

ডিআরসি মূলত একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসির সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কমিটি হস্তক্ষেপ করে। বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ ঘিরে বিসিবি ও আইসিসির মধ্যে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটেই ডিআরসির বিষয়টি আলোচনায় আসে।

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না বাংলাদেশ সরকার। তবে আইসিসি ভোটাভুটির মাধ্যমে বিসিবির দাবি নাকচ করে দেয়। ১৫ সদস্যের মধ্যে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তান ভোট দেয়। ফলে আইসিসির সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

-এমইউএম