ক্রিকেটারদের জন্য বিসিবির আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্ট

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোয় বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। আইসিসির মেগা ইভেন্ট থেকে ছিটকে পড়ায় একধরণের অলস সময়ই পার করতে হতো জাতীয় দলের তারকাদের। তবে ক্রিকেটারদের মাঠের বাইরে বসিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে এবং ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

চার দিনের এই টুর্নামেন্টে জাতীয় দল ও এর আশেপাশের ক্রিকেটারদের নিয়ে গঠিত তিনটি দল অংশ নেবে। টুর্নামেন্টের জন্য ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বিশাল বাজেট বরাদ্দ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

চার দিনের টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ নামে তিনটি দল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে অংশ নেবে। ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। এ ছাড়া বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবেন দুরন্ত একাদশের ক্রিকেটাররা।

কোন দলের কোচিং প্যানেলে কারা থাকবেন সেটাও চূড়ান্ত করেছে বিসিবি। ধুমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সহকারী হিসেবে কাজ করবেন জাতীয় দলের কোচিং প্যানেলে থাকা সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

শান্তর দুর্বার একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে থাকা বাবুলের সহকারী হিসেবে থাকছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে হান্নান সরকার এবং সহকারী কোচের দাযিত্ব পালন করবেন রাজিন সালেহ।

-সাইমুন