৩০ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় দুজন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে দিয়ে ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪২৪টি ব্যাটারি, পিকআপ এবং ব্যাটারি বিক্রির ২০ হাজার টাকা।

শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার রাজানগর গ্রামের লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ এবং কুমিল্লার তিতাস থানার কালাইগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিঅজ//// ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৬০টি লিড অ্যাসিড ব্যাটারি এবং ৬৩টি টি-শার্ট নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ট ১৩-৪৬২০) ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশে রওনা দেয়। পথে রাত ৪টার দিকে ভালুকার হবিরবাড়ি সিডস্টোর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্পকানন ফিলিং স্টেশনের সামনে চালক লোকমান ওরফে সাগর গাড়িটি থামিয়ে দেয়। এ সময় চালক ও তাঁর দুই সহযোগী মিলে গাড়িতে থাকা ফ্যাক্টরির ডেলিভারিম্যান রুবেল হাওলাদারকে মারধর শুরু করে।
একপর্যায়ে তাঁর গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে মহাসড়কে ফেলে দিয়ে মালপত্রসহ পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ময়মনসিংহের ডিবি পুলিশের একটি দল তদন্তে নামে। গত ২৯ জানুয়ারি রাতে প্রথমে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসামি লোকমান ওরফে সাগরকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩০ জানুয়ারি ঢাকার খিলক্ষেত এলাকার বালুরঘাট থেকে পিকআপটি উদ্ধার করা হয়। একই রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে ৪২৪টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ লাখ ১৮ হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সমকালকে জানান, জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

-সাইমুন