মাত্র দুই দিনেরও কম সময়ে শেষ হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বক্সিং ডে টেস্ট। ১৪২ ওভার বা ৮৫২ বলেই শেষ হওয়া এই ম্যাচে চার ইনিংস মিলিয়েও দেখা যায়নি কোনো ফিফটি। দুই দলের কোনো স্পিনারই একটি বলও করেননি। এমন অস্বাভাবিক ম্যাচে জয় পেলেও এমসিজির উইকেট নিয়ে মোটেও সন্তুষ্ট নন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রায় ১৫ বছর পর বক্সিং ডে টেস্টে জয় পায় ইংল্যান্ড। এর আগে পার্থ টেস্টও মাত্র দুই দিনেই শেষ হয়েছিল। ফলে প্রায় ১১৩ বছর পর একই সিরিজে দুটি টেস্ট দুই দিনের মধ্যে শেষ হওয়ার ঘটনা ঘটল। সর্বশেষ এমনটি দেখা গিয়েছিল ১৯১২ সালে।
যদিও ম্যাচ দ্রুত শেষ হলেও উইকেটকে বিপজ্জনক বলা যায়নি। তবে অতিরিক্ত সিম মুভমেন্টের কারণে ব্যাটারদের জন্য ব্যাটিং ছিল অত্যন্ত কঠিন। এর ফলেই অস্ট্রেলিয়ায় ১৯৩২ সালের পর প্রথমবারের মতো কোনো ফিফটিবিহীন টেস্ট ম্যাচ দেখা গেল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্টোকস পিচ নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “একদম সৎভাবে বললে, এটা কেউই চায় না। বক্সিং ডে টেস্ট দুই দিনেরও কম সময়ে শেষ হয়ে যাক—এটা মোটেও কাম্য নয়। পাঁচ দিনের টেস্টের জন্য এটি আদর্শ পরিস্থিতি নয়। তবে খেলা শুরু হয়ে গেলে সামনে যা থাকে, সেটার সঙ্গেই মানিয়ে নিতে হয়।”
স্টোকস আরও বলেন, “আমি নিশ্চিত, পৃথিবীর অন্য কোথাও যদি এমনটা হতো, তাহলে বড় বিতর্ক তৈরি হতো। পাঁচ দিনের ম্যাচের জন্য এটা ভালো উদাহরণ নয়। তবে আমরা এমন ক্রিকেট খেলেছি, যেটা শেষ পর্যন্ত আমাদের জন্য কাজ করেছে।”
‘পৃথিবীর অন্য কোথাও’ বলতে উপমহাদেশ বোঝানো হয়েছে কিনা—এমন প্রশ্নে কৌশলে এড়িয়ে যান স্টোকস। তিনি বলেন, “এটা আপনি বললেন, আমি বলিনি।”
এসময় ইংলিশ অধিনায়ক স্পষ্ট করে জানান, ম্যাচ রেফারির কাছে জমা দেওয়া অধিনায়কের রিপোর্টে এমসিজির উইকেট নিয়ে ইতিবাচক কিছু লেখার সম্ভাবনা নেই।
অন্যদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ উইকেট নিয়ে তুলনামূলকভাবে রক্ষণশীল মন্তব্য করেন। ম্যাচের আগে থেকেই উইকেটে বাড়তি সিম মুভমেন্ট থাকবে বলে ধারণা করেছিল স্বাগতিকরা। সে কারণেই স্পেশালিস্ট স্পিনার ছাড়াই একাদশ সাজায় অস্ট্রেলিয়া।
ম্যাচের আগে ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়া সত্ত্বেও এমসিজির কিউরেটর ম্যাট পেজ উইকেটে প্রায় ১০ মিলিমিটার ঘাস রাখার সিদ্ধান্ত নেন। এই ঘাস পেস বোলারদের বাড়তি সহায়তা দিলেও ব্যাটারদের জন্য ম্যাচটিকে করে তোলে কঠিন ও স্বল্পস্থায়ী।
এমইউএম/










