বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের আইডল নেইমারের সঙ্গে এক অভিনব চুক্তির কথা প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, বার্সেলোনার কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের ঠিক আগে নেইমারের সঙ্গে ফেসটাইমে কথা হয়। সেই আলাপচারিতাতেই দুজন মিলে এক মজার শর্তে সম্মত হন।
ইয়ামালের ভাষ্য, “আমি নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি। যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, আমরা দু’জন একসঙ্গে ছুটিতে যাব।”
শুধু তাই নয়, তরুণ এই উইঙ্গার আরও জানিয়েছেন, বিশ্বকাপে যদি তিনি গোল করতে পারেন, তাহলে সেই গোল উদ্যাপনের মাধ্যমে নেইমারকে বিশেষভাবে সম্মান জানাবেন। ইয়ামালের ইঙ্গিত, উদ্যাপনটি হবে নেইমারের বিখ্যাত কোনো সেলিব্রেশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় স্পেনকে সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তবে ব্রাজিল তারকা নেইমারের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়; তার হাঁটুর অস্ত্রোপচারের পর ফিটনেস নির্ধারণ করবে বিশ্বকাপে তার খেলা।
-এমইউএম










