আলোচিত যৌন নিপীড়ন মামলায় ব্যক্তিগত বার্তা সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক

এক বছরের বেশি সময় ধরে আলোচনায় রয়েছে হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি ও অভিনেতা–পরিচালক জাস্টিন বালডোনির আইনি লড়াই। যৌন নিপীড়নের অভিযোগে জাস্টিন বালডোনির বিরুদ্ধে মামলা করেছেন ব্লেক লাইভলি। পাল্টা হিসেবে বালডোনিও অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। নিউইয়র্কের আদালতে চলমান এই মামলার শুনানিতে একের পর এক নতুন তথ্য সামনে আসছে, যা মামলাটিকে আরও আলোচিত করে তুলেছে।

গত সপ্তাহে আদালতে উন্মুক্ত হয় ব্লেক লাইভলি ও গায়িকা টেইলর সুইফটের ব্যক্তিগত বার্তা। এবার প্রকাশ পেয়েছে ব্লেক লাইভলির পাঠানো একটি ভয়েস মেসেজ, যা তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’-এর পরিচালক ও সহ–অভিনেতা জাস্টিন বালডোনিকে পাঠিয়েছিলেন। আদালতের নথি অনুযায়ী, ওই ভয়েস মেসেজে ব্লেক ব্যক্তিগত ও পেশাগত চাপের কথা খোলাখুলিভাবে তুলে ধরেন।

বার্তায় ব্লেক উল্লেখ করেন, ‘ইট এন্ডস উইথ আস’-এ যোগ দেওয়ার আগে তিনি আরেকটি সিনেমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতি ভাঙতে চাননি বলেই তিনি আগের প্রকল্পটি আগে শেষ করার সিদ্ধান্ত নেন। তবে মাঝখানে মাত্র এক সপ্তাহের বিরতি তাঁর জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এত অল্প সময়ের ছুটিতে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছিল।

পিপলডটকমের প্রতিবেদনের বরাতে জানা যায়, ভয়েস মেসেজে ব্লেক বলেন, “এই মুহূর্তে আমি আপনার সঙ্গে একজন বন্ধুর মতো করেই কথা বলছি, অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি।” তিনি জানান, কাজে ফেরার প্রস্তুতির সময় তিনি নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন। একদিকে পেশাগত দায়িত্ব, অন্যদিকে সদ্য জন্ম নেওয়া সন্তানের দেখভাল ও পরিবারের প্রয়োজন—সব মিলিয়ে তিনি মানসিক ও শারীরিকভাবে চাপে ছিলেন।

ভয়েস মেসেজে সন্তানের দেখভালের বিষয়টিও উঠে আসে। ব্লেক জানান, তখনো তাঁর কোনো বেবি নার্স ছিল না। সন্তান জন্মের এত অল্প সময়ের মধ্যে আবার শুটিংয়ে ফেরার চিন্তা তাঁকে উদ্বিগ্ন করে তুলছিল। শুটিং সূচি নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন এবং অনুরোধ জানান, শুটিং শুরুর আগে যেন তাঁর হাতে আরও কিছুটা সময় থাকে।

আদালতের নথিতে আরও বলা হয়, একটি দৃশ্যে পরিবর্তন আনার বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর জাস্টিন বালডোনি ব্লেককে একটি ভয়েস নোট পাঠিয়ে ক্ষমা চান। বিশেষ করে একটি ছাদের দৃশ্য নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় এবং সেখানে বালডোনি পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।

বহুল আলোচিত এই মামলার বিচার শুরু হওয়ার কথা আগামী মে মাসে। মামলার শুনানি যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে, যা হলিউড অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে।

বিথী রানী মণ্ডল/